চট্টগ্রামে বাসে হাতবোমা হামলায় আহত ১
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালে চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট এলাকায় একটি বাসে হাতবোমা হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
আহত নাছির উদ্দিন চৌধুরী (৫৬) নগরীর চকবাজার থানার শহীদ শাহ রোড এলাকায় থাকেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানার দিদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
হাতবোমায় আহত নাছিরকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা বাসটির সামনের কাচ লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। তারা বাসটিতে ভাংচুরও চালায়।
ঘটনাস্থলের কাছে দেওয়ানজি পুকুর লেইন এলাকায় নগর জামায়াত ইসলামীর কার্যালয়।
এর আগে ৩১ জানুয়ারি দিদার মার্কেট এলাকায় পুলিশের টহল দলকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
ওই দিন আটক এক শিবিরকর্মীর মোবাইল কল লিস্টের সূত্র ধরে স্থানীয় চন্দনপুরা মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমার সরঞ্জামসহ ৩৫ জনকে আটক করে পুলিশ।
