২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশায় বোমা হামলা, শিশুসহ আহত ৩

সিলেটে ২০ দলীয় জোটের হরতাল চলাকালে অটোরিকশায় হাতবোমা হামলায় শিশুসহ তিন জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 03:53 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার বেলা সোয়া ১টার দিতে নগরীর মীরের ময়দানে এ হামলায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মাহবুবুর রহমানের মেয়ে নাফিসা আক্তার (৮) ও ছেলে হাফিজুর রহমান (১৮ মাস) ও অটোরিকশা চালক বিশ্বনাথের মাহতাবপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সৈয়দ আহমদ (৩৯)।

ওসমানী হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. নুরুল আলম বলেন, “নাফিসার হাতে এবং হাফিজুর মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।তবে তারা শঙ্কামুক্ত।”

আহত শিশুদের মা রোজী আক্তার বলেন, গোবিন্দগঞ্জ থেকে স্বামী মাহবুবুর রহমানসহ অটোরিকশায় করে কুলাউড়া যাচ্ছিলেন। অটোরিকশাটি সিলেট নগরীর মীরের ময়দানে আসার পর কয়েকজন যুবক অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।