২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত, আটক ৩

অবরোধ-হরতালের মধ্যে বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

এ সময় পুলিশের শটগানের গুলিতে আহত হয়েছেন এক শিবির কর্মী। তাকেসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে হামছায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি আলী আহমেদ হাসমী জানান।

আটকরা হলেন- রানা (৩০), শুকুর আলী (৩৭) ও ওয়াজেদ আলী (৩৮)। এদের মধ্যে রানা শিবিরের এবং বাকিরা জামায়াতের কর্মী।

ওসি হাসমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবির মহাসড়কে মিছিল করে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের দিকে হাতবোমা ছোড়ে। পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি জানান, শিবিরকর্মী রানার কোমরের নিচে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকেই রানাসহ বাকি দুই জামায়াতকর্মীকে আটক করা হয়েছে।