নাশকতাকারী ধরে পুরস্কার পেলেন চার আনসার
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ফিসপ্লেট খোলার সময় এক নাশকতাকারীকে আটক করায় আনসার বাহিনীর চার সদস্যকে পুরস্কৃত করেছে জেলা প্রশাসন।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান আনসার সদস্যদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন- আনসার কমান্ডার আহসান হাবিব, সদস্য জামাল উদ্দিন, রইছ উদ্দিন ও খলিলুর রহমান।
প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা লাইনের ফিস প্লেট খোলার সময় কয়েক যুবককে ধাওয়া করে জাহাঙ্গীর আলম নামের একজনকে ধরে ফেলেন।
ঘটনার পর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম চার আনসার সদস্যকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়াপর ঘোষণা দিয়েছিলেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. মাসুদ আলম জানান, আটক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
