রেলের ফিসপ্লেট খোলার সময় আটক ১
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ফিসপ্লেট খোলার সময় এক জনকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার রাতে উপজেলার মাটিকাটা ঢাকা-রাজশাহী রেললাইন থেকে জাহাঙ্গীর আলমকে (২০) আটকের পর পুলিশে দেওয়া হয়। জাহাঙ্গীর মৌলভীবাজারের কুলাউড়ার ফরিদ আহমেদের ছেলে।
এ ঘটনায় দায়িত্বরত চার আনসার সদস্যকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস।
এরা হলেন- আহসান হাবিব, জামাল উদ্দিন, রইচ উদ্দিন, খলিলুর রহমান।
আনসার ও ভিডিপি গাজীপুর জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ৬/৭ জন যুবক রেললাইনের ফিসপ্লেট খুলছিল। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও জাহাঙ্গীরকে ধরে ফেলে।
কালিয়াকৈর থানার এএসআই মো. মাসুদ আলম জানান, আটক জাহাঙ্গীরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।
