২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ফের ছাত্রলীগের গোলাগুলি

নিজেদের মধ্যে গোলাগুলিতে এক ছাত্র নিহতের দুই মাস না পেরোতেই আবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 11:10 AM

Updated : 25 Apr 2022, 01:01 PM

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘ভিএক্স’ ও ‘সিএফসি’ নেতাকর্মীদের মধ্যে রোববার ভোরে সংঘর্ষ শুরুর পর গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

উভয় পক্ষকে নিবৃত্ত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে বলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশি তৎপরতার পর সকাল সোয়া ৮টার দিকে সিএফসি কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়।

পরে সকাল ১০টার দিকে ফটকের তালা খুলে দেওয়া হয় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী কয়েক শিক্ষার্থী জানান, গোলাগুলিতে ছাত্র নিহতের পর দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রলীগের ‘ভিএক্স’ গ্রুপের কর্মীরা সকাল ৬টার দিকে শাহজালাল হলে গেলে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে পাশের শাহ আমানত হল থেকে ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা শাহজালাল হলে প্রবেশের চেষ্টা করে।

এসময় উভয় পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

গত ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের ফুল দিয়ে আসার পর এই দুই পক্ষের গোলাগুলিতে তাপস সরকার নামে সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়।

তাপসকে নিজেদের কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য ভিএক্স গ্রুপকে দোষারোপ করে সিএফসি গ্রুপের কর্মীরা। সে সময় পুলিশের কাছ থেকেও হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভিএক্স গ্রুপের কয়েকজনের নাম উঠে আসে।

এরপর থেকে ক্যাম্পাসের বাইরে ছিল ‘ভিএক্স’ গ্রুপের নেতাকর্মীরা।

পুরনো খবর:

চবিতে ছাত্রলীগের গোলাগুলির পর দুইজনকে পিটিয়ে আহত
চবির দুই হলে তল্লাশি: অস্ত্র উদ্ধার, আটক ৫৬