২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির দুই হলে তল্লাশি: অস্ত্র উদ্ধার, আটক ৫৬

সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হল দু’টিতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি বিভিন্ন ধারলো অস্ত্র ও পাথর উদ্ধার করা হয়।     

হাটহাজারি থানার ওসি ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, শাহজালাল হলে তল্লাশি চালিয়ে হল থেকে তিনটি রাম দা, একটি বড় ছুরি, একটি চাপাতি, লোহার রড ও দুই বস্তা পাথর উদ্ধার করা হয়।

এসময় হল থেকে ৪৫ জনকে আটক করা হয় বলেও জানান ওসি।

ওসি ইসমাইল বলেন, “আটককৃতদের মধ্যে তাপস হত্যার ঘটনায় কেউ জড়িত আছে কিনা বা মামলার আসামি কিনা তা যাচাই বাছাই করা হবে।”

এদিকে বিকাল সাড়ে ৫টা থেকে সিএফসি নিয়ন্ত্রিত শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

গোলাগুলিতে ছাত্র নিহতের পর দীর্ঘদিন বাইরে থাকা ছাত্রলীগের এক পক্ষ শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ গ্রুপের কর্মীরা সকাল ৬টার দিকে শাহজালাল হলে গেলে ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হলে ‘ভিএক্স’ কর্মীরা প্রবেশ করেছে খবর পেয়ে পাশ্ববর্তী শাহ আমানত হলে থাকা ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা সেখানে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের পাশাপাশি গোলাগুলি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

গত ১৪ ডিসেম্বর ক্যাম্পাসে বুদ্ধিজীবী দিবসে উভয়পক্ষের গোলাগুলিতে তাপস সরকার নামে সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়।

পরে সিএফসি গ্রুপের কর্মীরা তাপসকে নিজেদের কর্মী দাবি করে ভিএক্স গ্রুপকে ক্যাম্পাস ছাড়া করে।