২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের গোলাগুলির পর দুইজনকে পিটিয়ে আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর মারধর ও ধারাল অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:31 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

আহতরা বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ এর সমর্থক বলে জানিয়েছে পুলিশ। তবে কারা তাদের আহত করেছে সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

আহতরা হলেন- ইংরেজি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাওসার।

সোহেলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কাওসারের পা ও শরীরের অন্যান্য অংশে মারধরের আঘাত রয়েছে। তাদের ভর্তি করা হয়েছে হাটহাজারী আধুনিক হাসপাতালে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি।”

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের কাটা পাহাড় এলাকায় দুইজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ভিএক্স গ্রুপের কর্মী।” 

ভিএক্স গ্রুপের সমর্থকরা প্রায় দুই মাস পর রোববার সকালে ক্যাম্পাসে প্রবেশ করলে সিএফসি গ্রুপের সঙ্গে তাদের গোলাগুলি হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহ জালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের এ দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে সেখানে যান কয়েকজন সহকারী প্রক্টর ও ‍হাউজ টিউটর।

একজন সহকারী প্রক্টর নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পরে শিক্ষক ক্লাবে তালা দেওয়ার কথা শুনে আমরা সেখানে যাই। সেখানেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। পরে শিক্ষক ক্লাবের সামনে থেকে আমরা চলে আসতে বাধ্য হই।”

এসব বিষয়ে জানতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।