কিশোরগঞ্জে পেট্রোল বোমায় পুড়ল মাইক্রোবাস
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পেট্রোল বোমা হামলায় একটি মাইক্রোবাস পুড়ে গেছে। এ সময় গাড়ি থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন এর চালক।
এছাড়া উপজেলার চর পলাশ গ্রামের একটি কৃষি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি পেট্রোল বোমা এবং কন্টেইনার ভর্তি পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানি জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চিলাকারা এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে মাইক্রোবাসে বোমা হামলার ঘটনা এবং শুক্রবার রাত ১টার দিকে চর পলাশ গ্রাম থেকে পেট্রোল ও বোমাগুলো উদ্ধার করা হয়।
আহত মাইক্রোবাস চালক হুমায়ুন মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হুমায়ুন মিয়া বলেন, “ভাড়ায় যাত্রী নিয়ে ঢাকা যাই। নামিয়ে কিশোরগঞ্জ ফেরার পথে চিলাকারা এলাকায় কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারলে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় দ্রুত নামতে গিয়ে কোমরে আঘাত পাই এবং আগুনে দুই হাত সামান্য পুড়ে যায়।”
গ্রামবাসীর সহায়তায় আগুন নেভানোর আগেই মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান তিনি।
ওসি বলেন, “এ দুই ঘটনায় কেউ আটক হয়নি, তদন্ত চলছে।”
