দৃষ্টিহীনদের বই নিয়ে এবারও মেলায় একটিই স্টল
সরকারি পর্যায়ে দেশের দৃষ্টিহীন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাপানোর উদ্যোগ থাকলেও তাদের মননশীলতার বিকাশে দৃষ্টিবানদের মতো সৃজনশীল বই নেই বললেই চলে।
স্বল্প চাহিদা বিপরীতে দৃষ্টিহীনদের বিশেষ ধরনের বই ছাপানো ব্যয়বহুল হওয়ায় ব্রেইল সংস্করণ প্রকাশে আগ্রহ দেখান না সৃজনশীল পুস্তক প্রকাশকরা।
অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিন মুদ্রিত অক্ষরের শত শত নতুন বই এলেও দৃষ্টিহীনদের ব্রেইল বই প্রকাশ প্রায় আলোচনার বাইরে রয়ে যায়।
এই হতাশাজনক পরিস্থিতির মধ্যেও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারো দৃষ্টিহীনদের জন্য ভরসা শুধুমাত্র একটি স্টল। তাদের প্রতি ভালোবাসা থেকে গল্প, কবিতা ও সাহিত্যের কিছু ব্রেইল বই নিয়ে এসেছে স্পর্শ ব্রেইল প্রকাশনা।
বাণিজ্যিকভাবে লাভের চিন্তা থেকে নয়, কেবল আগ্রহী দৃষ্টিহীনদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে এবং অন্যদের ব্রেইল প্রকাশে উদ্ধুদ্ধ করতে এবারো স্পর্শ মেলায় স্টল বসিয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে কথা স্পর্শ ব্রেইল প্রকাশনার মূল উদ্যোক্তা ও শিশুতোষ সাহিত্যিক নাজিয়া জাবীনের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় আমরা কোনো বই বিক্রি করছি না। সবার মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই এই স্টলটি বসানো হয়েছে। যাতে করে আমার উদ্যোগ দেখে অন্য প্রকাশক, এমনকি বাংলা একাডেমিও দৃষ্টিহীনদের জন্য বই আনতে আগ্রহী হয়। ”
মেলায় আগত দৃষ্টিহীনদের নাম নিবন্ধন চলছে জানিয়ে তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি দৃষ্টিহীনদের হাতে বিনামূল্যে ব্রেইল বই তুলে দেবেন তারা।
মেলার মূল তথ্যকেন্দ্রের বিপরীতে স্পর্শের স্টলটিতেও দর্শনার্থীরা আসছেন; জানছেন ব্রেইল লেখার কৌশল এবং স্পর্শের উদ্যোগ সম্পর্কে। দর্শনার্থীদের পরিচিতজনদের মধ্যে কেউ দৃষ্টিহীন থাকলে তাদেরকে মেলায় আনার পরামর্শ দিচ্ছেন সংস্থার কর্মীরা।
এমনই একজন শুভ্রা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দৃষ্টিপ্রতিবন্ধী বোন শুল্কা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া দেশের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তরে কর্মরত শুক্লা প্রতিবছরই স্পর্শের স্টলে আসেন এবং এবারও আসবেন।
দৃষ্টিহীনদের নিজের এই উদ্যোগ নিয়ে নাজিয়া জাবীন বলেন, ১৯৭২ সাল থেকে একাডেমি প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হলেও দৃষ্টিহীনদের জন্য কোনো প্রকাশনা ছিল না। ২০০৯ সালে তিনিই সর্বপ্রথম মেলায় ব্রেইল বইয়ের স্টল বসান।
“প্রথম বছর নিজের লেখা বই ‘ছড়ার তালে মনটা দোলে’ এর ব্রেইল ভার্সন নিয়ে আসি, পরের বছর আনি ‘বিনির সাথে পুতুল বিয়ে বইটি’।
“প্রথম দুই বছর শিশু সাহিত্যের ব্রেইল ভার্সন আনলেও বয়স্ক দৃষ্টি প্রতিবন্ধীদের দাবির মুখে ২০১১ সালে বড়দের বইও নিয়ে আসা হয় মেলায়।”
এবার মেলায় বেগম রোকেয়া: আত্মজীবনী, লুই ব্রেইল: জীবনী, হেলেন কেলার: জীবনী, কাজী নজরুল ইসলাম: জীবনী, মুক্তিযুদ্ধভিত্তিক বই ৭১ দেখব বলে ও লুৎফুর রহমানের ছড়ার বই নিয়ে এসেছে স্পর্শ।
এর আগের বছর ফরিদুর রেজা সাগরের লেখা কক্সেস বাজারের কাকাতুয়া, হানিফ সংকেতের বিনিত নিবেদন, লুৎফর রহমান রিটনের আকাশে অনেক ছড়া, নাজিয়া জাবীনের নিজের লেখা এক সাগর রক্তের বিনিময়ে- এই বইগুলো ব্রেইল আকারে মেলায় আনে স্পর্শ।
২০১২ সালে প্রকাশিত হয় মুফিদুল হকের সে কোন রবীন্দ্রনাথ, লুৎফর রহমান রিটনের ছড়ায় ভূবন ভরিয়ে দেব, নাজিয়া জাবীনের গল্পে গল্পে শেখার ব্রেইল সংস্করণ।
এছাড়াও সেলিনা হোসেনের আমার স্কুল, মোফিদুল হকের কাহিনী পঞ্চাশত, সৈয়দ শামসুল হকের চালতা লেবু, ফয়েজ আহম্মেদের আমার স্কুল, ফেরদৌসি মজুমদারের পাথরের সুপ, হালিমা খাতুনের পাখীর ছানা, জ্যোতি ভূষণ চাকির এক ঝাঁক গল্প, জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস, আলী ইমামের ছোটদের বিজ্ঞান পিডিয়া, কবির চৌধুরীর বাংলাদেশের লোকছড়া, নাজিয়া জাবীনের ডাইনোসরের ডিমটা, ফেরদৌসি মজুমদারের নূরী কাহিনী, হুমায়ুন আহম্মেদের বোতল ভূত ও এখলাস উদ্দিন আহমেদের কেঁদোর কাণ্ড কারখানা বইগুলো ব্রেইল আকারে মেলায় এনেছে স্পর্শ।
ব্রেইল পদ্ধতিতে ছয়টি উঁচু বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর ও সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয়। একটি বিশেষ ছিদ্রযুক্ত ধাতব পাত অথবা টাইপরাইটার ব্যবহার করে ব্রেইল পদ্ধতিতে লেখা হয়, আঙুলের স্পর্শ অনুভূতি ব্যবহার করে পড়তে হয়। এই পদ্ধতি দিয়ে বর্তমানে অনেক অন্ধ ব্যক্তি শিক্ষার সুযোগ পাচ্ছে।
দৃষ্টিহীনদের শিক্ষাদানে বই ছাপার জন্য এই পদ্ধতি উদ্ভাবন করেন ফরাসি বিজ্ঞানী লুই ব্রেইল।
বর্তমানে বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা নির্ধারণে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আনুমাণিক ১ দশমিক ৩৫ শতাংশ, যা তিন লাখের বেশি।
