সাহিত্যের স্পর্শ চায় দৃষ্টিহীনরা
দেশের দৃষ্টিহীনদের জন্য পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল বই প্রকাশের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব পর্যায় থেকে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে পাঠ্যবইগুলো ব্রেইল করে সরবরাহ করা হলেও অন্য কোনো বই প্রকাশ হয় না। অথচ সাহিত্য পাঠে তাদের অপরিসীম আগ্রহ।
“মানুষের যতোগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছু ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধু মাতৃভূমির জন্য,” স্পর্শের অনুভূতিকে কাজে লাগিয়ে পড়ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী লতা।
এই পুনর্বাসন কেন্দ্রের মোট শিক্ষার্থীর সংখ্যা ৫০ জন। শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী রুবি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রেইলে কোনো ছড়া কিংবা গল্পের বই হাতে পেলে এইসব বাচ্চাদের মধ্যে উৎসব লেগে যায়। একটা বই চার পাঁচজন মিলে আনন্দ করে পড়ে। কিন্তু দুঃখজনক হলো এগুলো এদের চাহিদার তুলনায় একেবারেই নগণ্য।”
বাংলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রকাশিত প্রথম ব্রেইল বইটি হচ্ছে ‘ছড়ার তালে মনটা দোলে’। বইটির লেখক এবং প্রকাশক স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ ব্রেইল কর্ণারের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন। এরপরেই নাজিয়া তার গল্পগ্রন্থ ‘বিনির সাথে পুতুল বিয়ে’ ব্রেইলে রূপান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাজিয়া বলেন, “এদেশে দৃষ্টিহীন মানুষ একেবারে কম নয়। তারা শুধু পাঠ্যবইয়ের মধ্যে আটকে থাকতে চায় না। ওরা হুমায়ূন আহমেদ পড়তে চায়, জাফর ইকবাল পড়তে চায়।”
“কিন্তু দুর্ভাগ্য ওদের মনের জানালা খুলে দেওয়ার জন্য এই চাহিদা মেটানোর ন্যূনতম উদ্যোগও নেই।”
তিনি জানান, ২০০৯ সালে ‘স্পর্শ ব্রেইল কর্ণার’ প্রতিষ্ঠার পরের বছর বইমেলায় অংশগ্রহণের পর থেকে এ বিষয়ে কিছুটা সাড়া পাওয়া যায়। বইমেলায় এই স্টল দেখে ব্রেইলবুক প্রকাশের বিষয়ে প্রথম এগিয়ে আসেন প্রকাশনা সংস্থা ‘সাহিত্য প্রকাশ’-এর কর্ণধার মফিদুল হক। তার প্রচেষ্টাতেই এর পর আরো কয়েকটি বই ব্রেইলে প্রকাশিত হয়।
সাহিত্য প্রকাশের পর মুহাম্মদ জাফর ইকবাল, ফেরদৌসী মজুমদারসহ প্রতীক প্রকাশন এর ঝর্ণা জামানও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন বলে জানান তিনি।
নাজিয়ার মতে, “বইমেলাতে অন্যান্য বড় বড় প্রকাশনা সংস্থাগুলো ব্রেইল বই প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখালেও সম্ভবত বেশি খরচের কথা চিন্তা করেই পরবর্তীতে তারা পিছিয়ে যান।”
আক্ষেপ করে তিনি বলেন, “অনেকে কথা দিলেও এ জন্যই বোধহয় গত ৫ বছরে মাত্র দুটি প্রকাশনা সংস্থা ব্রেইল বই প্রকাশের কাজে এগিয়ে এসেছে।”
স্পর্শ ব্রেইল কর্ণারের উদ্যোগে কয়েকটি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলে স্থায়ী ব্রেইল পাঠাগার করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে এর জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে সরকারকেও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য তার।
ব্রেইল বই প্রকাশে এগিয়ে আসা প্রতীক প্রকাশনের স্বত্ত্বাধিকারী আলমগীর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই সবাই বই পড়ুক। এটা শুধু আমাদের ব্যবসা নয়, সামাজিক দায়িত্বও বটে।”
দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি সামাজিক এই দায়বদ্ধতা থেকেই অন্যান্য লেখক ও প্রকাশকদেরও এগিয়ে আসা উচিত মন্তব্য করে তিনি আরো বলেন, “হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’ ব্রেইলে প্রকাশের আগে যখন তার অনুমতি চাইতে গিয়েছিলাম তিনি একবাক্যে রাজি হয়ে গিয়েছিলেন। অত্যন্ত আনন্দের সাথেই বলেছিলেন আরো বই যদি করতে চাও তাও কোরো।”
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব প্রকাশনা সংস্থা ব্রেইল বই প্রকাশে এগিয়ে আসবে বইমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।”
বর্তমানে বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা কতো জানতে চাইলে যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ফর দ্যা ব্লাইন্ড এর অলাভজনক সংগঠন সাইটসেভার্স এর কর্মী দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আনুমানিক ১ দশমিক ৩৫ শতাংশ যা তিন লাখের বেশি।”
