২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন সাজে প্রাণের উষ্ণতা

রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে শীতের জড়তা; সব ভেঙে কৃষ্ণচূড়া-পলাশের রাঙা হাসিতে চরাচরে ফিরে এল প্রাণের উষ্ণতা।

নিজস্ব প্রতিবেদক

ও চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 09:16 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

বইমেলায় বসন্তদিন
বসন্ত বরণে নানা আয়োজন

বাতাসের ফিসফাসে রবি-গানের সুর-  ‘আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো’ এ শুরু হল নিসর্গে ঋতুরাজের রঙিন শাসন। 

বাংলা পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার ছিল ফাল্গুনের প্রথম দিন। আর গত মাসজুড়ে রাজনৈতিক সহিংসতার ক্ষতের পরও দিনটি রঙিন হয়ে উঠেছিল সবার জন্য।   

ফাগুনের প্রথম প্রভাতেই শুরু হয়ে যায় উৎসবের। রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে নর-নারীর বাসন্তী সাজ মনে করিয়ে দিচ্ছিল- ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টায় শুরু হয় বসন্তবরণের মূল অনুষ্ঠান। বর্ণিল সাজে নানা বয়সী মানুষের অংশগ্রহণে নাচে-গানে বরণ করে নেওয়া হয় ফাগুনকে।

এ অনুষ্ঠানের প্রথম পর্ব হয় সকাল সাড়ে ৯টা পর্যন্ত। এরপর চারুকলা থেকে বেরোয় রঙিন শোভাযাত্রা। আর তার পরপরই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বসেন্তর রঙ।

শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসটি মোড় পর্যন্ত রাস্তার পাশে বসে ফুল ও চুড়ি ভাসমান দোকান, সেগুলোতে ছিল তরুণীদের ভিড়। সবাই নিজের পছন্দনীয় ফুল এবং ফুলের মালা কিনতে ব্যস্ত ছিল। ফুল কিনে সাজতে ব্যস্ত ছিল অনেকেই।

চারুকলার বসন্ত উৎসব অনুষ্ঠান দেখতে আসা সাবিনা ইয়াসমিন নামে এক তরুণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এই দিনে ফুল দিয়ে সাজ ভালোই লাগে। তাই ফুল কিনছি। ভালো করে সাজব, একদিনই তো।’’   

বসন্ত শুধু তরুণ-তরুণীদেরই মাতায়নি। আনন্দে ভেসেছেন সব বয়সের মানুষই। অনেকে এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুল তলায় । সেই দলে ছিল শিশু আর প্রবীণরাও।

বকুল তলায় ‘এসো প্রাণের উৎসবে’ আহ্বানে যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় বসন্তকে বরণ করে নেওয়া হয়। এরপর চলে বসন্ত বন্দনা। চলে গীত, নৃত্য, আবৃত্তি, দলীয় সঙ্গীত, একক সঙ্গীতের পরিবেশনা।

দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করে বসন্তের গান, আবৃত্তি, নাচ।

এর পরে সকাল সাড়ে ৯টার দিকে বসন্ত কথন পর্বে বকুলতলার উৎসব মঞ্চে আসেন দুই বাংলার অতিথি শিল্পীরা। এসময় চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহতদের প্রতি সম্মান এবং সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এপার বাংলার মানুষকে বসন্তের স্বাগতম এবং বসন্তের পূর্ণতায় দুই বাংলার ওপর আশ্রিত কালো আঁধার দূর করার আহ্বান জানিয়ে ওপার বাংলার খ্যাতিমান সুরকার অভিজিৎ চট্টোপাধ্যায় উদযাপন পরিষেদেরর সহ-সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদের হাতে তুলে দেন দুই বাংলার মৈত্রী প্রতীক।

মৈত্রী বিনিময়ের পর উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ বলেন, “বসন্তের পূর্ণতায় আমাদের দেশের সার্বিক সঙ্কট কেটে যাক। দেশে একটি অপশক্তি পেট্রোল বোমা আর আগুনের নিরাহী মানুষের হনন করছে। এই অপমৃত্যুর মিছিল থেকে মুক্ত হোক বাংলাদেশের পূণ্যভূমি।”

এর পরে ছোট শিশুরা অথিতি এবং বটতলায় উপস্থিত দর্শকদের প্রীতি বন্ধনী বিনিময় হিসেবে ‍ফুলের রাখী পরিয়ে দেন। ভালবাসা, সম্প্রীতির বন্ধনের পাশাপাশি চলে আবির বিনিময়।

একইস্থানে বিকেল ৪টায় শুরু হয় বসন্তবরণ উৎসবের দ্বিতীয় পর্ব।

এছাড়া উত্তরার ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে, পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক ও লক্ষ্মীবাজার এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে বিকেলে শুরু হয় বসন্ত উৎসব।

ফাগুনের প্রথম দিনে বসন্তের রঙ দেখা যায় বইমেলাতেও।

রাজধানী ঢাকার মতো বন্দর নগরী চট্টগ্রামের সকালটাও শুরু হয় বর্ণিল সাজে। সকালে ডিসি হিলের বসন্ত উৎসব হয়ে ওঠে লোকে লোকারণ্য।

রণজিৎ রক্ষিতের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হলো ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শ্লোগান নিয়ে বোধন আবৃত্তি পরিষদের বসন্ত আয়োজন। এরপর সুনীল জলদাস ২০ জনের দল নিয়ে বাংলার ঢোলে তালে মুগ্ধ করেন। সকালের মৃদু বাতাসে শুরু হয় সঙ্গীত ভবনের গান।

বিকালে শোভাযাত্রার পর আবার নাচে-গানে মাতে ডিসি হিল।

নগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে বেহালার সুরে বসন্ত আয়োজন শুরু করে প্রমা আবৃত্তি সংগঠন। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খাগড়াছড়ি আদিবাসীরা ও স্বপন দাশের নাচের দল নজর কেড়েছে সমবেতদের। মঞ্চে নাচ গান চলছে আর শিশুদের ক্যানভাসে তখন লাল-সবুজের বাংলাদেশ ফুটে উঠছে তুলির টানে।

সকালের আয়োজনের শেষ ভাগে গান পরিবেশন করেন সন্দীপন আর সামিনা চৌধুরী।