২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্ত বরণে নানা আয়োজন

বসন্ত বরণে নানা আয়োজন থাকছে ঢাকা শহরজুড়েই। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ ১৪২১ কমিটি ছাড়াও ছায়ানট, সমগীতসহ বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ নিয়েছে পহেলা ফাল্গুনকে বিশেষ করতে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 09:02 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

অনুষ্ঠানের মূল মঞ্চ বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। দুই পর্বের অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায়। অনুষ্ঠানের সূচনা হবে এসরাজের সুরে, এরপর শাস্ত্রীয় সংগীতে বসন্ত বন্দনা, নাচ, সকাল সাড়ে ৯টায় শেভাযাত্রা। প্রথম পর্বের ইতি হবে দুপুর ১২টায়।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়, অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়।

উৎসব সম্পর্কে কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, “ঋতুভিত্তিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ‘ছায়ানট’-এর পর এদেশে দ্বিতীয় অবস্থানে আছি আমরা। ২২ বছর ধরে ঋতুভিত্তিক আয়োজনটি করছি আমরা।”

“ঋতুভিত্তিক ধারণা থেকে রবীন্দ্রনাথ এ ধরনের উৎসবের প্রচলন করেন শান্তিনিকেতনে। মূলত শাশ্বত বাঙ্গালিয়ানা, ঐতিহ্য সমুন্নত রাখাই ছিল এর উদ্দেশ্য।”

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বসন্তোৎসব শুরু হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে বিকাল ৪টায় এবং উত্তরার সেক্টর ৩ এর উন্মুক্ত মঞ্চে বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়।

ছায়ানট এদিন আয়োজন করেছে তাদের বার্ষিক লোকসংগীতানুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হবে গীতিকবি কাঙ্গাল দীনহীন, আরকুম শাহ, একেএম আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম ও শমসের আলীর গান।

সংগঠনটি বসন্তোৎসব পালন করবে ২৭শে ফেব্রুয়ারি।

বেশ কয়েক বছর ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণকে কেন্দ্র করে ফাল্গুনের প্রথম দিনটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন সমগীত।

কলাভবন প্রাঙ্গনের বটগাছতলায় এ বছর তাদের আয়োজনে থাকছে দেশীয় নাচ, গান পরিবেশনা। অংশ নিচ্ছেন সমগীত ঢাকা বিভাগ, আমরাই, আমাদের পাঠশালা, অন্যস্বর, সহজিয়া, মাভৈ, মাদল, লীলা এবং সমগীত গানের দল।

মাটির মেলা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিপণন সংস্থা যাত্রা। বনানীতে যাত্রা বিরতি নামের মঞ্চে তিনদিনব্যাপি মেলার বিশেষ আকর্ষণ পুতুলনাচ। এছাড়াও থাকছে ধারক, জলেরগান, শায়ান, সজীব, অর্নব ও বাউল শফি মণ্ডলের পরিবেশনা।