বইমেলায় বসন্তদিন
ফাগুনের প্রথম দিনে বসন্ত বরণের উৎসবের ঢেউ ছুঁয়ে গেছে একুশের বইমেলাকেও; আর বিকিকিনিও যে ভালো ছিল, তার প্রকাশ ছিল বিক্রয়কর্মীদের চোখ-মুখে।
রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এবারের বই মেলা শুরু হলেও তা ঠিক জমছিল না সেভাবে, যা নিয়ে প্রকাশকদের মধ্যে ছিল হতাশা।
ফাগুনের প্রথম দিনটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় এদিন ছিল আগের দিনগুলোর চেয়ে আলাদা।
সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংলগ্ন এলাকায় ছিল বাসন্তী সাজে তরুণ-তরুণীরা। এক সময় তাদের সব পথ গিয়ে ঠেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং উল্টো দিকের সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে চলছে বইমেলা।
হরতাল-অবরোধের আতঙ্ক ছাপিয়ে দূরের এলাকা থেকেও অনেকে আসেন বইমেলায়, যাদের একজন কেরানীগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম। বসন্ত উৎসব আর বইমেলা, দুটোর আনন্দ একসঙ্গে নিতে দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি।
“ছেলেরা ধরল, তারা আসবে। এবার পরিস্থিতি ভালো না। তাই চিন্তা করলাম, যাবে যখন নিজেই নিয়ে যাই।”
বসন্ত উৎসবে যোগ দেওয়ার হাসেম ভাবলেন, বইমেলায়ও ঢু মেরে যাই। চল্লিশোর্ধ্ব আবুল হাসেমের সঙ্গে ছিলেন স্ত্রী আমেনা বেগম, স্কুলপড়ুয়া দুই ছেলে কালেমুল ইসলাম ও রাফিউল ইসলাম।
চট্টগ্রামে বড় হওয়া ইউসিবিএল ব্যাংক কর্মকর্তা ইমরান মাহমুদ মেলায় আসেন স্ত্রীকে নিয়ে।
“মেলা ও বিভিন্ন উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমার তেমন একটা আসা হয় না। গত বছর এসছিলাম। এবার ফাগুনের এই বিকালে বের হলাম।ওকে একটা ডিকশনারী কিনে দিলাম। কাজের জিনিস।”
নবদম্পতি আরিয়ানা রশিদ ও হারুন অর রশিদ এবার তাদের যুগল জীবনের প্রথম ফাগুন উদযাপন করছেন।
বইমেলায় হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিয়ানা হুমায়ুন আহমদের দারুণ ভক্ত। হুমায়ুনের প্রায় সব বই ওর কালেকশনে ছিল।
“আমাদের বিয়ের পর বইগুলোর দখল নিয়েছে ওর ছোট বোন। আমার স্ত্রীর মন খারাপ হয়েছে। আমি বলেছি, ওর সব বই ওকে ফিরিয়ে দেব। নানা ব্যস্ততায় বই কিনতে বের হওয়া হয়নি। আজ বের হলাম।”
বিকাল পর্যন্ত হুমায়ুন আহমেদের পাঁচটা বই কিনেছিলেন হারুন-আরিয়ানা। “আরও বই কিনব। আজ থেকে ওর লাইব্রেরি ফিরিয়ে দেওয়া শুরু,” স্ত্রীকে পাশে রেখে বলেন হারুন।
নিউ ইয়র্ক থেকে আসা প্রবাসী বাংলাদেশি দেওয়ান বজলু জানালেন, যুক্তরাষ্ট্রের ওই শহরে একটি বইমেলা আয়োজনে তিনি যুক্ত।
“৬ বছর পর এই মেলায় এলাম। বই মেলা-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ইত্যাদি বারো মজা নিতে দেশে এসেছি। ফাগুন এখানে উপড়ি হিসাবে কাজ করেছে। এই দিনে দেশে থাকতে পেরে অনেক ভালো লাগছে।”
নিজের জন্য বই কিনছেন বজলু, উপহারর দিতেও কিনেছেন। “বই কেনা-উপহার দেওয়ায় একটা অপার্থিব আনন্দ রয়েছে,” বলেন তিনি।
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাইন রঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাগুনের বিকালে বান্ধবীকে নিয়ে এসেছি। ওর পছন্দ অনুসারে রান্নার বই কিনে দিয়েছি।
স্কুল পড়য়া ভাগ্নিকে নিয়ে এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক পবিত্র কুমার সাহা মেলায় আসেন। কিনে দেন লেখক মুহম্মদ জাফর ইকবালের বেশ কয়েকটি বই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর সব শুক্রবার মেলায় আসি। এবার আসা হচ্ছিল না। আজ ফাগুনের প্রথম দিনে আসলাম, বই কিনলাম।”
মেলা আর ফাগুনকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা এসেছেন কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান আলী সাগর। তার সঙ্গে পাওয়া যায় সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজীম বাড়ী প্রীতমকে।
ইমরান বলেন, পহেলা ফাগুনের এই দিনে সকাল থেকে বন্ধুদের নিয়ে টিএসসিতে ছিলাম। দুপুরে পুরান ঢাকার নান্নাতে খেয়েছি। এরপর মেলায় এসেছি। বই কিনলাম। বন্ধুকেও একটা বই উপহার দিয়েছি।
আগামী প্রকাশনীর মালিক ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ অন্যদিনগুলোর চেয়ে ভিড়-বিক্রি দুটোই বেশি।”
নতুন প্রকাশনা সংস্থা বিপিএলের শরিফুল হক আনন্দ বলেন, “ছুটির দিন এবং পহেলা ফাগুন হওয়ার আজকেই মেলার সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে। স্বাভাবিক কারণেই বিক্রিও বেশি হয়েছে।”
মেলায় সকালে শিশুপ্রহরেও বেচাকেনা ভালো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এটি ছিল মেলার তৃতীয় শিশুপ্রহর।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় এদিন নতুন বই এসেছে ৩১১টি। এর মধ্যে ২০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অমর একুশে উদযাপন উপলক্ষে সকালে মেলার মূলমঞ্চে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘দেশাত্মবোধক, মুক্তিযুদ্ধ, ভাষা-আন্দোলন’ বিষয়ে ক-শাখায় ১৭৯ জন এবং খ-শাখায় ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন অভিত্রেী শমী কায়সার।
বিকালে একই স্থানে অনুষ্ঠিত হয় কবি আবুল হোসেন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ড. তারেক রেজা। আলোচনায় অংশ নেন বায়তুল্লাহ কাদেরী, অনু হোসেন ও হিমেল বরকত। সভাপতিত্ব করেন মনজুরে মওলা।
