২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 01:05 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

নিহত হাসিদা আক্তার জোৎস্নাকে (৩৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জোৎস্না ফতুল্লার শিবু মার্কেট এলাকার ইব্রাহিম মোল্লার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খিলগাজী গ্রামে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকার একটি বাড়ির চালের ওপর বস্তাবন্দি অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত অভিযোগে সানোয়ার ও নূরুজ্জামান নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া রাজন নামের সন্দেহভাজন আরও একজনকে পুলিশ খুঁজছে বলে জানান তিনি।

নিহত জোৎস্নার ভাইয়ের ছেলে মেহেদী হাসান বলেন, বুধবার দুপুরে কিস্তির টাকা তোলার জন্য কোতালেরবাগ এলাকায় সানোয়ারের বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তার ফুফু জোৎস্না।

রাতে ওই বাড়ি থেকে আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বাড়ির চালের ওপর থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করলে তারা গিয়ে সেটি শনাক্ত করেন।

ফতুল্লার ওসি আসাদুজ্জামান বলেন, ওই নারীকে ধর্ষণের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।