ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূর গলা কাটা লাশ পাওয়া গেছে, যাকে স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
বুধবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কালিকাপুরে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বিউটি আক্তার (২৭) ওই এলাকার মহসিন মিয়ার স্ত্রী।
এ ঘটনার পর থেকে মহসিন পলাতক রয়েছেন।
কসবা থানার উপ পরিদর্শক মো. মজিবুর রহমান জানান, আট দিন আগে মহসিন মিয়া স্ত্রী বিউটি আক্তারকে বাবার বাড়ি বুড়িচং থেকে কালিকাপুরে নিজ বাড়িতে নিয়ে আসেন।
বুধবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির রাহেনা বেগম ওই দম্পতির তিন মাস বয়সী শিশুর কান্না শুনে বাড়িতে গিয়ে দেখেন ঘর বাইরে থেকে তালাবন্ধ।
পরে তিনি লোকজন নিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে বিউটির জবাই করা লাশ দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
এসআই মজিবুর বলেন, “ধারণা করা হচ্ছে মহসিন পরিকল্পিতভাবে বিউটিকে জবাই করে হত্যা করেছে। তিন বছর বয়সী মেয়ে মারিয়াকে নিয়ে পলাতক রয়েছেন তিনি।”
এ ব্যাপারে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
