নেত্রকোণায় বাস উল্টে আহত ২২
নেত্রকোণা সদরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২২ জন আহত হয়েছেন।
নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, বুধবার দুপুরে ঠাকুরাকোণা এলাকায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মাছুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাসটি যাত্রী নিয়ে নেত্রকোণা শহরে আসছিল। ঠাকুরাকোণা এলাকায় পৌঁছলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার জানান, আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
