ঢাকায় পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৫
বিএনপি জোটের অবরোধে নাশকতার মধ্যে ঢাকায় ১৫টি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদের মধ্যে পুরান ঢাকার বংশাল থেকে গ্রেপ্তার একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা পেট্রোল বোমা তৈরি করেন এবং প্রতিটি ৫০০ টাকায় বিক্রি করে থাকেন।
মঙ্গলবার মধ্যরাতে পুরান ঢাকা থেকে তিনজনকে পাঁচটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয় বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় গুলশান থেকে ১০টি পেট্রোল বোমাসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানান র্যাব-১ এর কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান।
বংশাল থানা এলাকা থেকে গ্রেপ্তার তিনজন হলেন- মো. ফারুক (৩০), মামুন (১৭) ও কাউসার (১৬)।
ওসি কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে শিক্কাটুলী রাস্তা থেকে ফারুককে পাঁচটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়াযী মামুন ও কাউসারকে আলুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
“কাঁচের বড় বোতলে পেট্রোল বোমা তৈরি করে কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন ওই পুলিশ কর্মকর্তা।
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পেট্রোল বোমাগুলো নিজেরাই বানিয়েছিলেন।
তবে কাদের কাছে পেট্রোল বোমাগুলো দেওয়ার কথা ছিল, সে বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।
এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধে বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হচ্ছে। এতে এই পর্যন্ত অর্ধশত মানুষ মারা গেছেন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক।
গুলশানে গ্রেপ্তার দুজন হলেন বাবু (২৫) এবং নাজমুল হাসান (২২)। ১ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব কর্মকর্তা কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “একটি চটের ব্যাগে পেট্রোল বোমাগুলো নিয়ে চলছিল তারা। কেউ ওই এলাকায় নাশকতা করতে পারে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে ছিল।”
আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তা জানতে চেষ্টা চলছে বলে র্যাব জানায়।
ভোলায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার
ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা পুলিশ উদ্ধার করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে এগুলো উদ্ধার করলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
ভোলার সহকারী পুলিশ সুপার (এসএসপি সার্কেল) রামানন্দ সরকার বলেন, দুর্বৃত্তরা নাশকতার জন্য পেট্রোল বোমাগুলো জড়ো করেছিল।
“খবর পেয়ে পুলিশ ওয়েস্টার্ন পাড়া এলাকার রিজার্ভ পুকুর পাড়ে অভিযানে গেলে দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে পালিয়ে যায়।”
