চট্টগ্রামে ছয় ‘বোমা বিক্রেতা’ গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলীতে ব্যাগভর্তি পেট্রোল বোমা, হাতবোমা ও ধারালো অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।
তারা হরতাল-অবরোধে নাশকতার জন্য এসব বোমা তৈরি ও সরবরাহ করে আসছেন বলে বিজিবি কর্মকর্তাদের দাবি।
বিজিবি চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহামেদ ও মেজর তানভীর মাহমুদ বুধবার সকালে সংবাদ সম্মেলনে জানান, গভীর রাতে পাহাড়তলীর রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৩৮), ওসমান গণি (৩০), আবুল কালাম (৪০), হারুণ মিয়া (১৮), শরীফ খাঁন (৩৫) ও মো. মুন্না (৩৩)।
তাদের কাছ থেকে নয়টি পেট্রোল বোমা, দুটি হাতবোমা, দুটি রাম দা, সাতটি কিরিচ, নয়টি লোহার রড উদ্ধার করা হয় বলে বিজিবি কর্মকর্তারা জানান।
গ্রেপ্তাররা কোনো দলের সমর্থক কি না সে বিষয়ে জানতে চাইলে স্পষ্ট কোনো জবাব না দিয়ে বিজিবি কর্মকর্তা সাব্বির বলেন, বিষয়টি তদন্ত করার দায়িত্ব পুলিশের।
“টাকার বিনিময়ে তারা নাশকতা করে এবং থানায় পাঠানোর পর পুলিশ বিষয়টি তদন্ত করবে।”
বিজিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের মধ্যে কেউ চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা নন। বাইরে থেকে এসে তারা রেলওয়ের এই কলোনিতে বাস করেন।
