‘আইনমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননাকর’
একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মামলায় আপিল বিভাগের রায় নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে ‘আদালত অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার ‘জ্যেষ্ঠ আইনজীবী’ হিসাবে সংবাদ সম্মেলন ডাকেন তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ইঙ্গিত করে তার রায় দিতে ভিন্নমত পোষণকারী বিচারকের প্রতি সোমবার এক অনুষ্ঠানে আহ্বান জানান আইনমন্ত্রী।
এর জবাবে খন্দকার মাহবুব বলেন, “আমি বিশ্বাস করি আইনমন্ত্রী একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন। তবে তার এ ধরনের বক্তব্য চরম আদালত অবমাননাকর।
খন্দকার মাহবুব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। কামারুজ্জামানের পক্ষে তিনি আপিল বিভাগে শুনানিও করেন।
তিনি বলেন, “হাইকোর্ট ও আপিল বিভাগের অনেক রায় আছে যা এখনো প্রকাশ পায়নি। তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে দেওয়া রায় ১৬ মাস পর, কাদের মোল্লার রিভিউয়ের রায় ১১ মাস পর, ফতোয়ার রায় সাড়ে তিন বছর পর বের হয়েছে।
“এমন অসংখ্য রায় রয়েছে যা প্রকাশ করতে আদালত দীর্ঘ সময় নেন। এর পিছনে কোন ষড়যন্ত্র আছে, তা যদি বলা হয় তাহলে তা আদালত অবমাননার সমতুল্য।”
আইনমন্ত্রীকে অনুরোধ করে তিনি বলেন, “আপনি একটু হিসাব নেন যে, আজ পর্যন্ত আপিল ও হাইকোর্ট বিভাগে কতটি রায় এইভাবে দীর্ঘ দিন পর্যন্ত মুলতবি রয়েছে। এই হিসাবটা যদি প্রকাশ করা হয় তাহলে আমরা মনে করবো হাইকোর্টের বা আপিল বিভাগের সব বিচারকরা ষড়যন্ত্রের অংশীদার হয়ে থাকবে।”
আইনমন্ত্রীর বিরুদ্ধে আপনারা আদালত অবমাননার আবেদন করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা করবো কেন? এখানে উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারে।”
