ঘরে দম্পতির ঝুলন্ত লাশ
রাজধানীর ডেমরার একটি বাড়ি থেকে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন- মো. আসলাম (৩০) ও তার স্ত্রী পিয়া আক্তার (২০)। মঙ্গলবার দুপুরে বামুইল এলাকায় একটি বাসায় তাদের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী-স্ত্রী দুজনই বাসার সিলিংয়ে সঙ্গে ঝুলে ছিল।
ছয় মাস আগে বিয়ে হয়েছিল আসলাম ও পিয়ার। তবে এই বিয়ে তাদের দুই পরিবারই মেনে নিতে পারেনি বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না বলে পুলিশ জানতে পেরেছে।
দুই পরিবারের বিরোধের কারণেই আসলাম ও পিয়া আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
