গাইবান্ধায় পেট্রেল বোমা হামলা: গ্রেপ্তার আরও ৪
গাইবান্ধা সদরের তুলশীঘাটে বাসে পেট্রেল বোমা হামলার ঘটনায় আরও চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি রাজিউর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সময়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার রাত শুক্রবার সাতজন ও পরদিন শনিবার তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
রাজিউর রহমান জানান, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে সাত জন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে রাত ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ওই বাসে পেট্রোল বোমা মারে।
এতে আগুনে দগ্ধ হয়ে আট জনের মৃত্যু হয়।
ওই ঘটনায় সদর থানার উপপরিদর্শক মাহাবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়।
