২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 10:11 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

নিহত বাবুল মিয়া (৬০) চরমটুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর উপজেলা কমিটির সদস্য।

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে সোমবার সকালে সড়কের পাশ থেকে বাবুলের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে উদয় সাধুর হাট থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল।

“পথে দুয়ামিয়ার রাস্তার মাথায় আক্রান্ত হন তিনি। সকালে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়।”

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষ কেউ বাবুল মিয়াকে হত্যা করেছে বলে তাদের ধারণা।

খুনিদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।