‘আর্টস’ সম্পাদক পাচ্ছেন একুশে পদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাহিত্য বিষয়ক পাতা ‘আর্টস’ এর সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রোববার ২০১৫ সালের একুশে পদকের জন্য মুহম্মদ নূরুল হুদাসহ ১৫ জনের নাম ঘোষণা করে। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেবেন।
সদ্য মা হারানো কবি নূরুল হুদা এই পুরস্কার তার জননীর পাশাপাশি ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
ভাষা ও সাহিত্যে নূরুল হুদার সঙ্গে এবার একুশে পদক পেতে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা। ভাষা আন্দোলনের জন্য এবার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত পিয়ারু সরদার।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মজিবর রহমান, যিনি একাত্তরে নির্যাতনের প্রতিবাদে ঘোষণা দিয়ে নিজের নাম ‘দেবদাস’ রেখে পাকিস্তানি বাহিনীর নির্যাতন সয়েছিলেন।
শিল্পকলায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত আব্দুর রহমান বয়াতি, অভিনেতা আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান।
শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা এবং গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।
সাংবাদিকতায় পদক পাচ্ছেন কামাল লোহানী, গণমাধ্যমে মনোনীত হয়েছেন চ্যানেল আইয়ের অন্যতম মালিক ফরিদুর রেজা সাগর।
সমাজসেবায় পদকের জন্য মনোনীত হয়েছেন ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক অরূপরতন চৌধুরী।
আগামী ১৯ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রতিজন ১৮ ক্যারেট সোনার একটি পদকের সঙ্গে এক লাখ টাকা ও সনদ পাবেন।
কবি মুহম্মদ নূরুল হুদা
নাম ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্টস সম্পাদক মুহম্মদ নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “প্রথম কথা হচ্ছে ভাষার এ পদক যে নামে, সেই নামের যে পুরস্কারটি, সম্মানটি বা পদকটি একজন বাঙালি লেখকের জন্য, বাংলাদেশের নাগরিকের জন্য শ্রেষ্ঠ পাওনা বলে মনে করি।”
“সারাজীবন সাহিত্য চর্চা করেছি, সৃষ্টিশীলতার চর্চা করেছি, কবিতার চর্চা করেছি, মানবিক সৌন্দর্যের চর্চা করেছি, তার এই স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত।”
কয়েকদিন আগে মায়ের মৃত্যুর পর এখন জন্মস্থান কক্সবাজার রয়েছেন কবি নূরুল হুদা। সেখান থেকে টেলিফোনে তার প্রতিক্রিয়া নেওয়া হয়।
“আমার আনন্দ একটি দুঃখের সঙ্গে জড়িত, মিশ্রিত হয়ে আছে। মাত্র চারদিন আগে আমার মা গতায়ু হয়েছেন। মা, মাটি আর জন্মভূমি একই, একইসঙ্গে গর্বিত।”
“আমি আমার এই সম্মান আমার লোকান্তরিত মায়ের নামে উৎসর্গ করতে চাই, এবং একুশের শহীদদের নামে উৎসর্গ করতে চাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুসহ সব মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের উৎসর্গ করতে চাই।”
৬৬ বছর বয়সী নূরুল হুদা ইতোপূর্বে বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও কবি আহসান হাবীব কবিতা পুরস্কার, আলাওল পুরস্কার, সুকান্ত পুরস্কার, কক্সবাজার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন।
১৯৯৭ সালে তুরস্ক সরকার তাকে বিশেষ সম্মাননা দেয়।
