২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৪ গাড়িতে বোমা-অগ্নিসংযোগ, দগ্ধ ২

অবরোধ-হরতালে ফেনী সদর ও দাগনভুইয়ায় বাসসহ বিভিন্ন ধরনের চারটি যানবাহনে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

হামলার শিকার, চিকিসক ও ফায়ার সার্ভিসকর্মী জানান, শনিবার রাত ও রোববার ভোরে এসব ঘটনায় এক চালকসহ দুই জন দগ্ধ হয়েছেন। কয়েকজন আহতও হন।

দগ্ধ ও আহতদের ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে।

পুলিশ কয়েকটি স্থানে হামলার কথা স্বীকার করলেও আহত বা দগ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

আহতদের বরাত দিয়ে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে চট্টগ্রাম থেকে পোশাক কারখানার মালামাল নিয়ে একটি কর্ভাডভ্যান ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজির দিঘী এলাকায় দুর্বৃত্তরা তাতে ইটপাটকেল মারে।

এ সময় হামলাকারীরা কর্ভাভ্যানে বেশ কয়েকটি হাতবোমা ছোড়ে। এক পর্যায়ে ওই গাড়িতে একটি পেট্রোল বোমাও মারে।

পেট্রোল বোমার আগুনে কর্ভাডভ্যান চালক মোহাম্মদ পারভেজ (৩৫) দগ্ধ হন।

ওই সময় তিনি পাশের নদীতে ঝাঁপ দিলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসক আরো জানান, পারভেজের মুখ ও চোখে ককটেলের স্প্লিন্টার ঢুকে পড়েছে এবং আগুনে বাম পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

পারভেজ ফেনীর সোনাগাজী উপজেলার চরকৃষ্ণজয় গ্রামের ফকির আহম্মেদের ছেলে।

একই উপজেলায় শনিবার রাতে ‘সুগন্ধা পরিবহনের’ একটি যাত্রবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ফেনী-নোয়াখালী সড়কে ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রবাহী ‘সুগন্ধা পরিবহনের’ একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে ফেনী ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, মহাসড়কে কার্ভাডভ্যানে পেট্রলবোমা হামলার বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানেন না।

এছাড়া পাঁচগাছিয়ায় বাসে আগুন দেওয়ার বিষয়েও কিছু জানাতে পারেননি শাহীনুজ্জামান।

তবে, পুলিশ শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে বলে জানান তিনি।

দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, একটি পিকআপ কুমিল্লা থেকে সবজি নিয়ে দাগনভূইয়া যাচ্ছিল।

রোববার ভোরে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূইয়ার আমিরগাঁও পৌঁছলে পিকআপটিতে দুর্বৃত্তরা হাতবোমা ও পেট্রোল বোমা মারে।

এ সময় চালক আবদুস সামাদসহ পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন।

ডা. মিজানুর রহমান জানান, চালক আবদুস সামাদকে দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

চালক আবদুস সামাদের বরাত দিয়ে বিচিৎসক আরও জানান, পিকআপে থাকা অপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে অন্য হাসপাতালে নিয়ে যায়।

আবদুস সামাদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দিলপাশ গ্রামের আবদুল মান্নানের ছেলে।

একই উপজেলার ছিলোনিয়া বাজার এলাকায়ও একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়।

ওই ট্রাকের চালক আলাউদ্দিন জানান, শনিবার মধ্যরাতে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ট্রাকে ইউরিয়া সার নিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি।

রোববার ভোর ৫টার দিকে ট্রাকটি ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূইয়ার ছিলোনিয়া বাজার পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে তার (চালকের) সহকারী লোকমান হোসেনের (২৫) মুখমন্ডল ও শরীর দগ্ধ হয় এবং তিনি (চালক) আহত হন।

দগ্ধ লোকমানের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগদি এলাকায়।

আহত দুজনই নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সৈয়দ কামরুল হোসেন জানান, পেট্রোল বোমার আগুনে লোকমানের মুখমন্ডলসহ শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ব্যাপারে দাগনভূইয়া থানার ওসি আবুল ফয়সাল একটি পিকআপে হাতবোমা হামলার বিষয়টি স্বীকার করলেও আহতের বিষয়ে তিনি অবগন নন বলে জানান।

এছাড়া ট্রাকে পেট্রোল বোমার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।