নোয়াখালী আদালতে বোমা বিস্ফোরণ
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধের মধ্যে ডাকা হরতালে নোয়াখালী জেলা জজ আদালত এলাকায় হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বেলা পৌনে ১২টার দিকে আদালতে সাক্ষী শেডের ছাদের উপর দুর্বৃত্তরা হাতবোমা ছুড়লে তা বিস্ফোরিত হয়।
খবর পেয়ে আদালত পুলিশের পরিদর্শক এ এম রহমানসহ পুলিশ ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
