চট্টগ্রামে বোমা হামলা মামলায় কাউন্সিলর গ্রেপ্তার
অবরোধের মধ্যে চট্টগ্রামে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সমর্থক এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাহবুবুল আলম সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
রোববার বেলা সোয়া ১টার দিকে ফরিদের পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান।
তিনি বলেন, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় পুরাতন চান্দগাঁও থানার সামনে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাহবুব।
ওই বোমা হামলায় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছিলেন।
ঘটনার পরদিন চান্দগাঁও থানার এসআই মো. নাসিম পুলিশের ওপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে মাহবুবুল আলমসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।
