আগ্রাবাদে সরকারি কলোনি থেকে বোমা উদ্ধার
চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় একটি সরকারি কলোনি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগ্রাবাদ সিজিএস কলোনিতে এ ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে কলোনি মাঠের দক্ষিণ পূর্ব কোণে সাতটি পেট্রোল বোমা পাওয়া যায়।
একই সময়ে মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে আরও তিনটি বোমা পাওয়া যায় বলে জানান ওসি।
অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।
