পিরোজপুরে 'বন্ধুকযুদ্ধে' যুবক নিহত
পিরোজপুরের স্বরূপকাঠিতে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত মো. বাচ্চু (২৬) একজন সন্ত্রাসী ও জামায়াত সমর্থক ছিলেন। পেট্রোল বোমা বহনকালে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
উপজেলার আউরিয়া গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে বাচ্চু ঢাকার সাভার এলাকায় বসবাস করতেন।
পিরোজপুরের এএসপি (সার্কেল) আবদুল কাদের বেগ জানান, শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয়রা বাচ্চুর ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমাসহ আটক করে পুলিশে দেয়।
"জিজ্ঞাসাবাদে বাচ্চু জানায়, স্বরুপকাঠিতে জামায়াতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণকারী মো. দেলোয়ার হোসেন টাকার বিনিময়ে তাকে স্বরূপকাঠি বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বাসে আগুন দেওয়ার জন্য সাভার থেকে ভাড়া করে এনেছেন।"
"পরে বাচ্চুর দেওয়া তথ্যে মজুত পেট্রোল বোমা উদ্ধারের জন্য গভীর রাতে পুলিশ তাকে নিয়ে বাসস্ট্যান্ডের কাছে ফেরিঘাট এলাকায় অভিযানে যায়। এ সময় বাচ্চুর সহযোগীরা পুলিশের উপর গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে বাচ্চু গুলিবিদ্ধ হয় এবং পুলিশের এসআই মামুনর রশিদ ও কনস্টেবল বাবুল আহত হয়।"
মো. দেলোয়ার হোসেন
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা এবং চার বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলেও জানান এএসপি কাদের।
বন্দুকযুদ্ধের পর দেলোয়ার হোসেনকেও আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন। দেলোয়ার উপজেলায় জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণকারী। তবে তাৎক্ষণিক তার পদ পদবি জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা কাদের বেগ জানিয়েছেন, দেলোয়ারের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
