২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে ২০ বসতবাড়ি ভাংচুর

মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০টি বসতঘরে ভাংচুর ও লুটপাট হয়েছে। এ সময় অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যাতে এক তরুণী আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

মাদারীপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান, শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় স্থানীয় নূর মোহাম্মদ কাজী ও আক্কাস বেপারির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত তরুণী রোকসানা লক্ষ্মীগঞ্জ গ্রামের আবু লস্করের মেয়ে। স্থানীয় হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ২০টি বসত বাড়িতে কয়েক দফা হামলায় কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের আঘাতে এক তরুণী আহত হয়েছেন।

এই ঘটনায় বেলা সাড়ে ১টার দিকে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, লক্ষ্মীগঞ্জ গ্রামের স্থানীয় নূর মোহাম্মদ কাজী ও আক্কাস বেপারির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। বৃহস্পতিবার লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলায় নূর মোহাম্মদের ছেলে বখতিয়ারকে মারধর করে প্রতিপক্ষরা।

এ ঘটনায় শনিবার সকালে নূর মোহাম্মদ কাজীর লোকজন আক্কাস বেপারির ছেলে জুয়েলকে মারধর করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হামলায় নূর মোহাম্মদ ফকির, হালান বেপারি, মোতালেব লস্কর, জাকির মাতুব্বর, নুরু মাতুব্বর, আজাদ মাতুব্বর, মিজান বেপারী, মোকাসেদ বেপারি, আমিনুল বেপারি, রাসেদুল বেপারি, রমিজ সরদার, শাহ আলম সরদার, হাই সরদার, আকুবালি বেপারি, আক্কাস বেপারির বসতঘরসহ দুইপক্ষের অন্তত ২০টি বাড়ি ভাংচুর হয়। এ সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণাঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

হামলা ও সংঘর্ষের সময় আতঙ্ক তৈরিতে দুর্বৃত্তরা ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটালে রোকসানা আহত হন।

পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা এমদাদুল।