২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:34 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

শনিবার সকালে মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় ট্রলারটি দুর্ঘটনায় পড়ে বলে নারায়ণগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানিয়েছেন।

এ ঘটনায় ট্রলারের ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নজরুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে খালি ড্রামভর্তি ‘আল্লাহর দান’ নামের একটি কার্গো মেঘনাঘাটগামী অর্ধশতাধিক যাত্রীবোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সুমাইয়ার (৮) ও ফাহিম (৪) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।

ট্রলারের যাত্রীরা শুক্রবার পুরাতন বন্দরে সিরাজ শাহ্ মাজার জিয়ারত শেষে সকালে মেঘনা ঘাটে ফিরছিলেন বলে জানান এসআই নজরুল।