চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দেয়নি ২১৭ জন
বিএনপির টানা অবেরোধের মধ্যে চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন ২১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এসএসসি পরীক্ষা।
গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা দুদফা পেছানো যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার মোট ১৫৯টি কেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ পরীক্ষায় ৮৮ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা বিষয়ে পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৩৭৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় ২১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
অনুপস্থিত ছিল চট্টগ্রাম নগরী ও ১৪টি উপজেলায় ১৪২ জন, কক্সবাজারে ৩৫ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১৭ জন এবং বান্দরবানে ১০ জন।
চট্টগ্রাম নগরীতে ৩০টি, ১৪ উপজেলায় ৯৯টি, কক্সবাজারে ১৯টি, রাঙামাটিতে ১৫টি, খাগড়াছড়িতে ১৬টি এবং বান্দরবানে ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।
