২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গভীর রাতে তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর বরাত দিয়ে মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস শহীদ মহিবুল্লাহ এ অভিযান চালায়।

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ‘এফবি মালিকের দান’, ‘এফবি প্রসেনজিত’ ও ‘এফবি সনাতন’ নামে তিনটি ট্রলার নিয়ে মাছ শিকার করছিল ৩৪ জন ভারতীয় জেলে।

আটক ট্রলারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়, যেগুলো পরে মৎস্য বিভাগের মাধ্যমে নিলামে বিক্রি করে দেয় নৌবাহিনী।

আটকরা হলেন রিপন দাস (৩৮), তপন দাস (২২), দুধ কুমার বেড়া (৪৩), মুক্তা ঘরামী (৫০), দেবাংশু সরকার (৩৮), জয় রতন দাস (৬০), খোকন দাস (২৩), স্বপন দাস (৩৮), হারাধন দাস (৪৮), জগদীশ দাস (৩৮), বাবলু দাস (৪৪), কৃষ্ণ দাস (৩০), নান্টু দাস (৪৫), জহুর লাল দাস (২৫), হৃদয় দাস (১৮), প্রদীপ মন্ডল (৩০), ধীরেন দাস (৫৫), বিশ্বনাথ মন্ডল (৩৮), সুমীর মন্ডল (৩০), বেচম দাস (১৯), কালিপদ দাস (২২), শ্যামল দাস (৩৭), টিংকু দাস (৩৫), বিশ্বনাথ দাস (৩০), প্রকাশ দাস (২৬), সুরজিত দাস (১৮), হরিচরণ দাস (১৯), রাকেশ দাস (২৯), নৃতলাল দাস (২২), সুমীর দাস (১৮), খুদিরাম দাস (২৫), প্রসেনজিৎ মাঝি (২৪), তপন দাস (২২) ও প্রসেনজিৎ সরদার (২৩)।

এদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।

এই ঘটনায় নৌবাহিনী বাদী হয়ে তাদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশে মংলা থানায় একটি মামলা করেছে।

এর আগে গত বছরের শেষদিকে কয়েকদফায় শতাধিক জেলেকে আটক করেছিল নৌবাহিনী, যাদের মধ্যে অধিকাংশই পরে ছাড়া পায়।

বারেগহাট কারাগারের জেলার বদরুদ্দৌজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আট দফায় ১৮৯ জনকে আটক করা হয়। পরে বেশিরভাগ জেলে কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে গেছে।

বর্তমানে এ কারাগারে ২০ আটক আছেন বলে জানান তিনি।