পেট্রোল বোমায় পুড়ে মৃত্যু আরও ৪ জনের
বিরোধী জোটের লাগাতার অবরোধের মধ্যে পেট্রোল বোমায় পুড়ে মারা গেছেন আরও চারজন। এর মধ্যে দুজন পরিবহন শ্রমিক, একজন ব্যবসায়ী এবং অন্যজন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার ভোররাতে বগুড়ায় পেট্রোল বোমায় নিহত হন ট্রাকচালকের সহকারী ও আরোহী এক ব্যবসায়ী। রাতে রাজশাহীর পুঠিয়ায় নিহত হন এক ট্রাকচালকের সহকারী।
এছাড়া রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের বাসে ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হওয়ার ১৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান কনস্টেবল শামীম মিয়া।
গত ৫ জানুয়ারি থেকে চলা অবরোধের মধ্যে গাড়ি পোড়ানো এবং পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবারই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করে পরিবহন চালকরা।
তবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েই বিবৃতি এসেছে খালেদা জিয়ার। তিনি নাশকতার জন্য সরকারকে দায়ী করলেও ক্ষমতাসীনরা বিএনপি-জামায়াত জোটকেই দুষছে।
রাজশাহীর ঘটনাটি ঘটে রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর সেতুর কাছে।
নিহত পিন্টু রহমান (২৭) রাজশাহীর চারঘাটের টাঙন এলাকার আহমেদের ছেলে। পিন্টুর ওই ট্রাকের চালক মিঠুনও (৩৫) আহত হয়েছেন। তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুল (বরই) নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বেলপুকুর সেতুর কাছে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা ছোড়ে।
“বোমাটি পিন্টুর মাথায় লেগে আগুন ধরে যায়। এ সময় পিন্টু ট্রাক থেকে ঝাঁপ দিলে ট্রাকের চাকায় পিষ্ট হন। এরপর পুরো তার শরীরে আগুন ধরে যায় এবং পুড়ে কয়লা হয়ে যায়।”
হাফিজ জানান, চালক মিঠুন ট্রাকটি থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের সামনের অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনি সামন্য দগ্ধ হন।
বগুড়ার ঘটনাটি ঘটে ভোররাতে বাইপাস সড়কের বেলাইল এলাকায়। নিহতরা হলেন- ওই ট্রাকে থাকা পান ব্যবসায়ী শহীদুল সরকার (৪০) এবং ট্রাক চালকের সহকারী ইমরান হোসেন পলাশ (৩২)।
ট্রাকচালক মামুনুর রশীদও (৩৫) এ ঘটনায় দগ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আবুল বাশার জানান, ঝিনাইদহ থেকে পান নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে ভোর পৌনে ৫টার দিকে ট্রাকটি একটি ফিলিং স্টেশন ও ওয়ার্কশপের সামনে অবরোধকারীদের হামলার শিকার হয়।
ট্রাক লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছোড়া হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি পাশের একটি ওয়ার্কশেপে থাকা দুটি বাসের ওপর গিয়ে পড়ে।
এতে বোমার আগুন ছড়িয়ে তিনটি বাহনই পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় বলে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই পান ব্যবসায়ী শহীদুলের মৃত্যু হয়। পলাশকে ঢাকায় পাঠানোর চেষ্টা হলেও পথে তার মৃত্যু হয়।
নাটোর সদর উপজেলায় ভোরে একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপে চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।
নাটোরে পুড়িয়ে দেওয়া ট্রাক
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আহম্মদপুর সেতুর পাশে নাটোর-ঢাকা মহাসড়কে ট্রাকটিতে হামলা হয়।
খালি ট্রাকটি রাজশাহীর বানেশ্বর থেকে নগরবাড়িতে সার আনতে যাচ্ছিল বলে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউল হক জানিয়েছেন।
তিনি বলেন, ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার পর চালক আশরাফুল ইসলাম (৩৫) এবং তার সহকারী বাবুল হোসেন (২৮) লাফিয়ে নেমে জীবন বাঁচান।
চালকের মাথায় ও তার সহকারীর পা আগুনে সামান্য পুড়েছে।
সহকারী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন থেকে চারজন যুবক হঠাৎ সড়কের ডানপাশ থেকে একটি পেট্রোলবোমা ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে পড়ি। পরে তারা আরও দুটি পেট্রোলবোমা ছোড়ে।”
কনস্টেবল শামীম বাঁচলেন না
রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের বাসে ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হওয়ার ১৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান শামীম মিয়া।
নিহত শামীম রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার পাশাপাশি তার মাথায় স্প্লিন্টারও লেগেছিল।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, দুপুরের কিছু আগে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল শামীমের মৃত্যু হয়।
গত ১৭ জানুয়ারি রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মৎস্য ভবনের মাঝামাঝি এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে পেট্রোল বোমা ও হাতবোমা হামলা হয়। এতে শামীমসহ ১৩ পুলিশ সদস্য দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
