চট্টগ্রামে শিক্ষাবোর্ড লক্ষ্য করে হাতবোমা
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ড লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে নগরীর ষোলশহর এলাকায় বোর্ডের শিক্ষাভবন লক্ষ্য করে বাইরে থেকে দুটি হাতবোমা ছোড়া হয়।
“হাতবোমা দুটি ভবনের সামনের অংশে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।”
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, তারা ঘটনাটি পাঁচলাইশ থানার ওসিকে জানিয়েছেন।
এদিকে নগরীর ষোলশহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ওই কার্যালয়ের বাইরে গাড়ি রাখার স্থানে হাতবোমা দুটি দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
