২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা সংক্রমণ: নওগাঁ স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর পর নওগাঁর স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 10:11 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

নওগাঁর সিভিল সার্জন ডা মোজাহার হোসেন বৃহস্পতিবার এ আদেশের কথা নিশ্চিত করেন।

এদিকে নওগাঁর মান্দা উপজেলায় এক শিশু (১২) নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

মান্দা উপজেলার চকমনসুব গ্রামের ওই শিশুকে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে সিভিল সার্জন জানান, ২৮ জানুয়ারি সকালে খেজুর গাছের কাঁচা রস পান করে অসুস্থ হয় শিশুটি।

পরিবারের লোকজন তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

“শিশুটির শারীরীক পরিস্থিতি ও লক্ষণ পর্যবেক্ষণ করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েচে বলে ধারণা করা হচ্ছে।

“তবে আরও নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার লালা ও রক্ত সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পাঠানো হবে।”

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে খেজুরের কাঁচা রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয় মান্দা উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে।