২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সহিংসতায় ব্রিটিশ হাই কমিশনের উদ্বেগ

বাংলাদেশে চলমান সহিংসতায় প্রাণহানি এবং শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

যুক্তরাজ্যে ছুটি কাটিয়ে ফিরে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “গত একমাসে চলমান সহিংসতায় সারা বাংলাদেশে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি এবং কয়েকশ মানুষের ভয়ঙ্করভাবে আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।” 

হাই কমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বহু শিশুর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতির ক্ষতি প্রতিদিনই বাড়ছে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

দেশের এই পরিস্থিতির মূল্য দেশের নিরপরাধ মানুষকে কীভাবে মেটাতে হচ্ছে- কুমিল্লায় গত মঙ্গলবার বাসে পেট্রোল বোমায় আট জনের মৃত্যুর ঘটনাই তার উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। 

সব দলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে রবার্ট গিবসন বলেন, “আমি আশা করব, বাংলাদেশের সব পক্ষই সহিংসতা ও ত্রাস সৃষ্টি বা এ ধরনের কর্মকাণ্ডে উসকানি দেওয়ার পথ পরিহার করবে।” 

নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কর্মসূচির মধ্যেই মাঝে-মধ্যে থাকছে হরতাল, যার ফলে এবারের এসএসসি পরীক্ষার প্রথম দুই দিনের পরীক্ষা পিছিয়ে গেছে। 

প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা ছোড়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে তিনটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলাও হয়েছে।   

তবে সরকারের লোকেরাই নাশকতা ঘটিয়ে বিএনপিকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে বিএনপি।