চট্টগ্রামে ১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।
একসঙ্গে এতো বিপুল সংখ্যায় ইয়াবা ধরার ঘটনা এটাই প্রথম বলে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে।
বুধবার গভীর রাতে বন্দরের বাংলাবাজার ও বহির্নোঙরের ১ নম্বর বয়া এলাকায় ট্রলার থেকে এই চালান আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর ফ্লোটিলা জেটিতে সংবাদ সম্মেলনে বাহিনীর কমান্ডার এসএম আতিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের টহল দল ওই এলাকায় একটি ট্রলারকে থামার সংকেত দেয়। কিন্তু ট্রলার না থেমে আনোয়ারা পারকি সৈকতের দিকে যায় এবং মাঝি-মাল্লারা তীরে গিয়ে ট্রলার ফেলে পালিয়ে যায়।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তায় ছোট ছোট প্যাকেট ভর্তি ১৫ লাখ নেশার বড়ি ইয়াবা পাওয়া যায়।
ইয়াবার একটি বড় চালান আসছে এ ধরনের গোপন তথ্য আগে থেকেই ছিল বলে সংবাদ সম্মেলনে জানান এন্টি স্মাগলিং সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক।
আটক ট্রলার ‘এফবি রাজীব’কে পরে নৌবাহিনীর ফ্লোটিলা ঘাটে নিয়ে আসা হয়েছে। তবে কোনো কাগজপত্র না থাকায় মালিকানা যাচাই করা সম্ভব হয়নি।
তিনি বলেন, চোরাকারবারীরা চালান পাচারের চেষ্টা করে গভীর রাতে। তাদের ধাওয়া করলে উপকূল এলাকার কাছাকাছি গিয়ে লাফিয়ে পানিতে পড়ে যায়। ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে ইয়াবা পাচার বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “গভীর সমুদ্রে হাজার হাজার ট্রলার মাছ ধরার কাজে থাকে। সবগুলো ট্রলার তল্লাশি করা সম্ভব নয়। এছাড়া সড়ক পথের চেয়ে মাছের ট্রলারে করে পাচার করা অনেক সহজ।”
তবে ইদানিং মাদক পাচার রোধে নৌবাহিনীর সাফল্যও বেড়েছে দাবি করে তিনি বলেন, গত ছয় মাসে বহির্নোঙর থেকে ১৮ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
এর মধ্যে গত বছরের ১৫ সেপ্টেম্বর বহির্নোঙর থেকে দুই লাখ ২০ হাজার, এ বছর ১৪ জানুয়ারি এক লাখ ৪০ হাজার এবং ৩১ জানুয়ারি ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে ২০১২ সালের ১৮ মে নগরীর খাতুনগঞ্জ থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার ও কয়েকজনকে আটক করে র্যা ব-১ ও ৭ এর যৌথ দল।
আর সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফে প্রায় তিন লাখ ইয়াবা উদ্ধার করে র্যা ব, যা ছিল এ পর্যন্ত দেশে আটক ইয়াবার সবচেয়ে বড় চালান।
