রাজবাড়ীতে যুবকের অর্ধগলিত লাশ
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বুধবার এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, নিহত ইমরান প্রামানিকের (৩০) বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি দৌলতদিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মো. মজিবর প্রামানিকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি একেএম নাসিরউল্লাহ জানান, বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের চর করনেশনের বালুর চরে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে ওই চরে পুঁতে রাখা অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, ইমরান পুলিশের একজন তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
ইমরানের ভাই ফিরোজ প্রামানিক বলেন, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি ইমরান। কয়েকদিন ধরে তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছিল।
