ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৪০
ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে নওয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘরে ভাংচুর চালানো হয়।
আহতদের মধ্যে শিউলি বেগম (৩৪), লিসা বেগম (৩৫), কাজলী (৪৫), আতিকুর (৩৫), হাফিজ মুন্সি (২০), মহিউদ্দিন মুন্সি (৪০), তিতু মির্জা (২৫), ইব্রাহিম মুন্সি (৫০), হারুন শেখ (৪৫) ও সাব্বির শেখকে (৩০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া মুকুল ও লিয়াকত নামে পুলিশের দুই উপ-পরিদর্শক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আটকরা হলেন- নওয়াপাড়ার ছলেমান (৩৫), আবু কালাম শেখ (৪৫), নিজাম (৪০), নূর ইসলাম (৩৮) ও মিঠু (৩৫)।
ভাঙ্গা থানার ওসি নাজমুল হোসেন জানান, নওয়াপাড়া এলাকায় কুটি ফকির নামে স্থানীয় এক ব্যক্তি সরকারি একটি জায়গা দখল করে পাকাঘর নির্মাণ করছিলেন।
একই এলাকার মির্জা জিয়াউর রহমান ও জহুরুল হকের লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুপক্ষ রামদা, সরকি, টেটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে।
পুলিশ ৪৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি নাজমুল।
