২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের ক্ষত সারছে, মনের?

ধানমণ্ডি সিটি হাসপাতাল- পেট্রোল বোমার ক্ষত নিয়ে এখানে চিকিৎসা নিচ্ছে দুই বছর বয়সী সাফের ইসলাম। চিকিৎসক দম্পতির এই শিশু এখন অপরিচিত কাউকে দেখলে আতঙ্কে কেঁদে ওঠে, যেতে চায় না কারও কোলে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 02:32 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বাবা ডা. সাইফুল ইসলাম ও মা ডা. শারমিন সিদ্দিকা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, কেউ যেন সাফেরের সঙ্গে দেখা করতে না পারেন।

সাফেরের খবর নিতে হাসপাতালে গেলে রিসিপশনে থাকা কর্মকর্তা তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির শরীরের ১৭ ভাগ আগুনে পুড়ে গেছে। অপরিচিত কাউকে দেখলেই কান্না করে। এজন্য তার অভিভাবক অপরিচিত কাউকে শিশুটির সঙ্গে দেখা করতে দিতে চাইছেন না।”

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১৮ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় সাফেরের সঙ্গে দগ্ধ হন তৌহিদুল ও শারমিনও। আগুনের ক্ষত সেরে উঠলেও ছেলেকে নিয়ে দুর্ভাবনা কাটছে না তাদের।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট- ২০১ নম্বর কক্ষে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সুমন। শিশু সাফেরের মতো যুবক সুমনও আতঙ্কে।

গত ২৩ জানুয়ারি মুখ, পিঠ, শ্বাসনালীসহ শরীরের ১১ ভাগে আগুনের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কিছুটা সুস্থ সুমন।  

“সুস্থ তো হইতাছি। তয় বাড়ি ফিরনের সময় আবার নি শরীলে বোমা মাইরা দেয়। এইবার মারলে ভাই মইরাই যামু,” এ কথা সুমনের।

তার একথা শুনে উল্টো দিকের বিছানায় আধশোয়া হয়ে থাকা অগ্নিদগ্ধ নাজমুল বলে ওঠেন, “ভাই, হাসপাতালই এখন আমাগো জন্য ভালা। পোড়া শরীর আবার পুড়লে মরণ ছাড়া গতি নাই।”

গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে সুমন ও নাজমুলসহ ৩১ যাত্রী দগ্ধ হন।

৩১ জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অন্যরা সুস্থতার দিকে এগোলেও হামলার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারছেন না তারা। তাই হাসপাতালকেই নিরাপদ আশ্রয়স্থল ভাবছেন তারা।

Image
বিউটি বেগম

বিউটি বেগম

আতঙ্ক যে শুধু দগ্ধদেরই, তা নয়। রাজনৈতিক এই সহিংসতায় গত এক মাস ধরে গাড়িতে আগুন আর বোমাবাজিতে আতঙ্ক এখন সবার মনেই। 

বগুড়ায় গত ২৩ জানুয়ারি পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকের হেলপার জাহাঙ্গীরের স্ত্রী বিউটি বেগমের জন্য তা বিপত্তি নিয়ে এসেছে।

বার্ন ইউনিটে স্বামীর সঙ্গে থাকা এই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধ-হরতালে হাসপাতালে আমাগো খাবার দিতে ঢাকায় যেইসব আত্নীয়, আছে তারাও আসতে পারতাছে না। কোনো বিপদ হইতে পারে বইলা তারা ভয় পায়। আমরাও তাগো কিছু কইবার পারি না।”

কেন এমন হয়

রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমা কিংবা গাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ মানুষের সঙ্গে কথা বলে দেখা যায়, শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠলেও দুঃসহ স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছেন না তারা।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে পোড়া রোগীরা শারীরিকভাবে সুস্থ হওয়ার কিছু সময় না যেতে অনেক সময় তারা মানসিকভাবে ভেঙে পড়েন।

Image
ডা. পার্থ শংকর পাল

ডা. পার্থ শংকর পাল

“তারা ভাবেন, আর হয়ত কখনও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। এই সময় তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও চিকিৎসকদের কাউন্সিলিংয়েরও দরকার পড়ে।”

বিষয়টি কেন হয়- জানতে কথা বলা হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক অধ্যাপক মো. ওয়াজিউল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে যখন কেউ বোমা বিস্ফোরণে আহত হন বা হঠাৎ করে মানুষ অতর্কিত পেট্রোল বোমা হামলার শিকার হন, তখন প্রথমদিকে সে অজ্ঞান না হলেও ‘সেমিকনসাস’ অবস্থার মধ্যে থাকে।

“সে প্রথমে অনেক কিছুই বুঝতে পারে না। এরপর সময় গড়াতে থাকলে সে ধাতস্থ হয়। তাদের কেউ কেউ কখনও ভাবে, তারা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছে বা তা চেহারা নষ্ট হয়ে গেছে। এটা মানসিকভাবে তাদের ভীষণ প্রভাবিত করে।”

এছাড়া এই ধরনের ঘটনার শিকারদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ বলে তারা জীবন-জীবিকা নিয়ে এক ধরনের অনিশ্চয়তায় মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলে মনে করেন এই মনোরোগ চিকিৎসক।

“অনেক সময় দেখা যায়, সুস্থ হওয়ার পরও ৬ মাস পর্যন্ত তারা মানসিককভাবে সুস্থ থাকে না। এটি ট্রমার পরবর্তী সময়। একে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে।”

Image
পেট্রোল বোমায় পুড়ছে বাস

পেট্রোল বোমায় পুড়ছে বাস

এর লক্ষণ বর্ণনা করে ডা. ওয়াজিউল বলেন, “এই সময় তারা ঘুমাতে পারে না। তার মধ্যে আতঙ্ক কাজ করে। অস্থিরতা কাজ করে। তারা কিছুতেই স্বাভাবিক হয়ে কাজে মন বসাতে পারে না। তারা দুঃস্বপ্ন দেখে।”

এটা দীর্ঘদিন চলতে থাকলে মানুষ স্থায়ীভাবে কাজে অক্ষম হয়ে যেতে পারে বলেও জানান এই চিকিৎসক।

সাভারে রানা প্লাজা ধসের সময় এই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। আহতদের পাশাপাশি উদ্ধারকর্মী কারও কারও ভয়াল দৃশ্য মনে করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।  

প্রতিকার কী

পেট্রোল বোমার ক্ষত থেকে সেরে ওঠাদের মানসিকভাবে সুস্থির রাখতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন মনোরোগ চিকিৎসকরা।

ডা. ওয়াজিউল বলেন, “এই সমস্যা থেকে মুক্তির প্রথম উপায় হল, অসুস্থ ব্যক্তিকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া। পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়া। তারপরও কাজ না হলে তাকে ওষুধ দেবেন চিকিৎসকরা।”

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এইসব মানুষগুলোর পুনর্বাসনে এগিয়ে এলে বিষয়টি অনেক সহজ হবে বলে মত প্রকাশ করেন তিনি।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, গত ৫ জানুয়ারির পর থেকে সোমবার পর্যন্ত সারাদেশ থেকে অবরোধের মধ্যে গাড়িতে পেট্রোল বোমা ছোড়ায় দগ্ধ হয়ে ৯৫ জন বার্ন ইউনিটে চিকিৎসা নেন।

এসব রোগীর মধ্যে ৪৯ জন সেদিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ছয়জন আইসিইউ, আটজন এইচডিইউতে আছেন। আর মারা গেছেন সাতজন।

পুরনো খবর:

পেটের টানে রাস্তায় নেমে ঝলসালো দেহ