২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের টানে রাস্তায় নেমে ঝলসালো দেহ

প্রতিদিনের আয়ে চাল-ডাল আর বাজার-সদাই, মাস শেষে ভাড়ার জন্য বাড়িওয়ালার তাগাদা; তাই রিকশা নিয়ে রাস্তায় না নেমে নেই কোনো উপায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 12:44 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এমনই একজন জাকির হাওলাদার; অবরোধকারীর হাতবোমায় হাত, পা ঝলসে যিনি এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। শরীরে যন্ত্রণায়ও সংসার চালানোর দুশ্চিন্ত থেকে মুক্তি মেলেনি তার।

অবরোধের মধ্যে প্রতিদিনের মতো মঙ্গলবারও বেরিয়েছিলেন রিকশা নিয়ে। কিন্তু এদিন আর তার ফেরা হয়নি স্ত্রী-সন্তানের কাছে।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে চকবাজারের খান মার্কেটের কাছে বোমা বিস্ফোরণে জাকিরের ডান হাত, পা ও পেট ঝলসে যায়।পুলিশ জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসাপাতালের বিছানায় শুয়ে জাকির বলেন, “ওই সময় একজন যাত্রী নামিয়ে রিকশা নিয়া যাইতাছিলাম। হঠাৎ একটি একটা আওয়াজ শুনি। পরে দেখি নিজের শরীর থেইকা রক্ত ঝরতাছে। রিকশা থেইকা নাইমা রাস্তায় বইসা পড়ি।”

সে সময় আশপাশের মানুষের কাছে সাহায্য চেয়ে না পাওয়ায় আক্ষেপের দীর্ঘশ্বাস ছাড়েন ২৫ বছর বয়সী জাকির।

“এক সময়ে জ্ঞান হারাইয়া ফেলি। জ্ঞান ফিরলে দেহি আমি হাসপাতালে,” বলেন তিনি।

অবরোধের মধ্যে ঝুঁকি থাকলেও ঘরে বসে থাকার কোনো সুযোগ ছিল না জানিয়ে জাকির বলেন, “হরতাল ও অবরোধে প্রতিদিন রিকশা নিয়া বাইর হইছি। দিনে আড়াই থেকে তিনশ টাকা কামাই করি। মাতুয়াইল দরবার শরীফ রোডে ২৮শ’ টাকা ঘরভাড়া দিতে হয়।”

গাড়িতে আগুন আর বোমায় প্রতিদিন মানুষ মরার খবরেও ভয় কাটিয়ে পেটের তাগিদে রিকশা নিয়ে বেরিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “ডেইলি কাম, ডেইলি খাওয়া। রিকশা না চালাইলে খামু কী? দুই দিন না চালাইলে তো পেট চলে না।

“পেট না বাঁচলে ভয় দিয়া কাম কী?”

সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হাসপাতালের বিছানায় শুয়ে, ঘরে একমুঠো চালও নেই, নিজেরা না হয় কষ্ট করে চালিয়ে নেবেন, কিন্তু আড়াই বছরের ছোট্ট মেয়েটির মুখে কী তুলে দেবেন- স্বামীর বিছানার পাশে বসে কেঁদে কেঁদে শুধু এসবই বলছেন ছবি বেগম।

পাশে দাঁড়ানো বড়ভাই অটোরিকশাচালক দুলাল হাওলাদার জানালেন, সাত-আট বছর আগে দুই ভাই ঢাকায় এসেছেন পেটের টানে।

রাজনৈতিক সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “হরতাল-অবরোধে তো আমাগো পেটের ক্ষুধা থাইমা থাকব না। যেমনে চলতাছে দেখবেন কোনোদিন আমিও ছোট ভাইয়ের মতো হাসপাতালের বিছানায় পইড়া থাকমু।”

প্রায় একমাস ধরে চলা অবরোধে প্রতিদিনই বাস-ট্রাকসহ যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।এসব ঘটনায় এরইমধ্যে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ।