গাজীপুর মেডিকেলে বার্ন ইউনিট চালু
অবরোধ-হরতালে দগ্ধ মানুষের সংখ্যাবৃদ্ধির মধ্যে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে দুই শয্যার ওই ইউনিটের কার্যক্রম শুরু হয় বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. আনিসুর রহমান।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে দুই বেডের ওই ইউনিটটি খোলা হয়।
এ ইউনিটে হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্টরা পোড়া রোগীদের জরুরি চিকিৎসা দেবেন বলে জানান তিনি।
দেশে অনেক মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল থাকলেও সবগুলোতে পোড়া রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
এদিকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে পেট্রোল বোমা ও নানাভাবে অগ্নিসংযোগের কারণে দগ্ধ মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে।
