বাগেরহাটে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ভাংচুরের পর তাতে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার গভীর রাতে শ্যামবাগাত এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায়।
চালক হাবিবুর রহমান বলেন, “ট্রাক লক্ষ্য করে ইট ছোড়া হলে আমি প্রাণ বাঁচাতে ট্রাক থেকে নেমে সরে পড়ি। এসময় হামলাকারীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।”
আয়ের একমাত্র অবলম্বন ট্রাকটি পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ট্রাক মালিক জাকির হোসেন।
তিনি বলেন, “২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের কারণে গত ৭/৮ দিন ধরে ট্রাকটি বন্ধ ছিল। আমার আয়ের একমাত্র উৎস ট্রাকটি পুড়িয়ে দেয়ায় নি:স্ব হয়ে গেছি। আমি এর ক্ষতিপূরণ চাই।”
