পল্লবীর বস্তি থেকে হাতবোমা উদ্ধার, যুবক গুলিবিদ্ধ
রাজধানীর পল্লবীর একটি বস্তিতে অভিযান চালিয়ে সাতটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পালাতে গিয়ে পুলিশের ছোড়া শটগানের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে শাহ পরান বস্তিতে এ অভিযান চালানো হয় বলে পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান জানিয়েছেন।
আহত ইসমাইল হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া স্বপন ও হৃদয় নামে আরো দুইজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা তৈরির খবর পেয়ে রাতে থানা পুলিশের একটি দল ওই বস্তিতে অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল একটি ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ শটগান দিয়ে গুলি করলে তার পায়ে লাগে।
“পরে ওই ঘর থেকে আরো দুইজনকে আটক এবং হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”
