লক্ষ্মীপুরে পিকআপে বোমা, আহত ৩
লক্ষ্মীপুর সদরে একটি পিকআপ ভ্যানে হাত বোমা হামলায় চালকসহ তিন জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি নাসিম মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়।
আহতরা হলেন পিকআপ ভ্যানের চলাক মো. কামাল হোসেন (৩৫), ভেতরে থাকা যাত্রী মো. জুয়েল হোসেন (২১) ও মোহাম্মদ মিলন (২০)।
তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে চালকের অবস্থা গুরুতর বলে জানান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন।
এএসপি নাসিম ও আহতরা জানান, নোয়াখালী থেকে চাল বোঝাই একটি পিকআপ ভ্যান লক্ষ্মীপুর আসছিল।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বাদামতলী এলাকায় এলে দুর্বৃত্তরা চালকের আসন লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে।
বোমাটি বিস্ফোরিত হয়ে চালক গুরুতর আহত হন এবং চালকের পাশে থাকা অন্য দুইজনও আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানান এএসপি নাসিম।
