পার্বতীপুরে আদিবাসী পল্লিতে সংসদীয় ককাস প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের হাবিবপুর গ্রামে সহিংসতার শিকার আদিবাসী পল্লি পরিদর্শন করেছে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের প্রতিনিধি দল।
সোমবার সরেজমিনে পরিদর্শনকালে তারা বাঙালি ও আদিবাসী উভয়পক্ষকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান।
প্রতিনিধি দলে ছিলেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, নাজমুল হক প্রধান, মনোরঞ্জন শীল গোপাল, ককাসের টেকনোক্র্যাট সদস্য অধ্যাপক মেসবাহ কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
ক্ষতিগ্রস্ত আদিবাসীদের উদ্দেশে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, বাঙালি যুবককে হত্যার যেমন বিচার হবে, তেমনি আদিবাসীদের উপর হামলা-লুট-অগ্নিসংযোগকারীদেরও বিচার হবে।
তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
ফজলে হোসেন বাদশা বলেন, বিরোধপূর্ণ জমির সঠিক কাগজ যাদের পক্ষে রয়েছে জমির মালিকানা তারাই পাবে।
তিনি জেলা ও পুলিশ প্রশাসনকে আদিবাসীদের নিরাপত্তা ও এলাকায় শান্তি বজায় রাখতে আদিবাসী ও বাঙালি পরিবারের মাতব্বরদের ডেকে মুচলেকা নিতে বলেন।
গত ২৪ জানুয়ারি পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর (চিড়াকুটা) গ্রামে জমির মালিকানার বিরোধে আদিবাসী-বাঙালির সংঘর্ষে শাফিউল ইসলাম সোহাগ নিহত হন।
ওই ঘটনার জেরে বাঙালিরা আদিবাসী পল্লিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
ওইদিন বিকালেই পুলিশ সোহাগ হত্যা মামলায় ১৯ জন আদিবাসীকে গ্রেপ্তার করে।
