২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ৭ দিনের আল্টিমেটাম

দেশজুড়ে নাশকতা বন্ধে খালেদা জিয়াকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন পেশায় চিকিৎসক সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:51 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

এই সময়ের মধ্যে অবরোধসহ ‘সহিংস’ কর্মসূচি না তুলে নিলে বিএনপি চেয়ারপারসনকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেন গাইবান্ধা-৩ আসনের সাংসদ ডা. ইউনুস আলী সরকার।

তিনি বলেন, “দেশে আন্দোলনের নামে জঙ্গিবাদ চলছে। আগামী সাত দিনের মধ্যে খালেদা জিয়া নাশকতা বন্ধ না করলে আমরা চিকিৎকরা মিছিল নিয়ে তার গুলশানের কার্যালয় ঘেরাও করব। তিনি কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত তাকে সেখানেই ঘেরাও করে রাখবো।”

মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তসহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরও মানববন্ধনে দেখা গেছে।

মানববন্ধনে সহিংসতাকারীদের উদ্দেশ্য করে প্রাণ গোপাল বলেন, “দেশের উন্নয়নের জন্য আপনারা এ ধরনের ধ্বংসাত্মক পথ থেকে সরে আসুন। রাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিকভাবেই সম্পন্ন করুন, নাশকতা দিয়ে নয়।”

সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক বলেন, “নাশকতা রাজনীতির ভাষা নয়। আমরাও এক সময় বিরোধী পক্ষে ছিলাম। আমরা কখনো নাশকতা করিনি। জঙ্গিবাদীদের দিয়ে এদেশের রাজনীতি চলতে পারে না।”

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জঙ্গিবাদ, হত্যা ও নাশকতা প্রত্যাহার করে তাদের রাজনীতির ভাষায় কথা বলতে হবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, “আজ দেশকে অসুস্থ করা ষড়যন্ত্র চলছে। এদের প্রতিহত করতে দেশের মানুষকে সরকারের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে।”

মানববন্ধনে আরো অংশ নেন ডা. রুস্তম আলী ফরাজী, ডা. মোবাশ্বের আলী, ডা. সাগুফতা ইয়াসমিন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তারানা হালিম ও আয়েন উদ্দিন।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ বেষ্টনীর মধ্যে অবস্থান নেন খালেদা জিয়া।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে ওই বাড়ি থেকেই সারাদেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন তিনি।

দুই সপ্তাহ পরে পুলিশসহ ওই বাড়ির সামনে থেকে সব ধরনের ব্যারিকেড সরানো হলেও সেখানেই থাকছেন খালেদা জিয়া।

প্রায় মাসব্যাপী চলমান বিরোধী জোটের অবরোধ ও ফাঁকে ফাঁকে হরতালে গাড়িতে আগুনে এবং পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অন্তত ৪৫ জনের  মৃত্যু হয়েছে।

এছাড়াও আগুনে পুড়ে ও বোমায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শতাধিক, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।