২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর দাগনভূঞায় যানবাহনে আগুন

ফেনীর দাগনভূঞায় একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার উপজেলার পুরাতন পেট্রল পাম্প এলাকায় এ ঘটনার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই ব্যবসায়ীকে আটক করেছে।

হিউম্যান হলারটির চালক রিংকু জানান, রোবাবর রাতে হিউম্যান হলারটি পুলিশ বহনের কাজে ব্যবহার করা হয়।

সোমবার সকালে পুলিশকে নামিয়ে দিয়ে গাড়িতে গ্যাস ভরার জন্য দাগনভূঞার পুরাতন পাম্প এলাকায় যান তিনি।

এ সময় মুখোশধারী ১০/১২ জন দুর্বৃত্ত তাকে (চালক রিংকু) মারধর করে গাড়ি ভাংচুর করে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে জানান রিংকু।

দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন জানান, হিউম্যান হলারে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ পুরাতন পেট্রল পাম্প এলাকার সুমন ও আলিফ নামে দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী আটকের প্রতিবাদে দুপুরে ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করে আটকদের মুক্তির দাবি করেছে।

রিপন আরও জানান, ওই সময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক দিদারুল কবির রতন আটক ব্যবসায়ীদের মুক্তির দাবি করে বক্তব্য রাখেন।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, সংবাদ করার মতো কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করতে পারেনি পুলিশ।