আইসিটি খাতের উন্নয়নে নতুন রূপরেখা
সরকারের রূপকল্প বাস্তবায়নে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা হালনাগাদ করে নতুন একটি নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫’ এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “নীতিমালা যথেষ্ট পেশাদারিত্বের সাথে প্র্ণয়ন করা হয়েছে, এখানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা যুক্ত করা হয়েছে এবং কোন কাজের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের কোন দপ্তরের- তার টাইম ফ্রেম করা হয়েছে।”
সচিব জানান, এ নীতিমালায় কাজগুলোকে তিনভাগে ভাগ করা হয়েছে। ২০১৬ সালের মধ্যে স্বল্পমেয়াদী, ২০১৮ সালের মধ্যে মধ্যমেয়াদী এবং ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
প্রতিটি অংশের মেয়াদ এবং কার মাধ্যমে বাস্তবায়িত হবে তাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এ নীতিমালায় একটি ‘রূপকল্প’ রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে ১০টি নির্দিষ্ট উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত বিষয়বস্তু ও ৩০৬টি করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।
“সরকারি-বেসরকারি খাতে অংশীদারিত্বে সুলভে জনসেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং ২০২১ সালের মধ্য দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সারিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করার কথা রূপকল্পে রয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের কর্মকর্তাদের জন্য এই নীতিমালা হবে একটি নির্দেশিকা। পাশাপাশি আইসিটি খাতের বিকাশে সেরকারি খাত, এনজিও এবং সিভিল সোসাইটির ভূমিকাকেও এ নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে।
“পার্টনারশিপের মাধ্যমে কীভাবে আইসিটি খাতের উন্নয়ন করা যায় তার একটি নির্দেশিকা এখানে আছে। এ সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে নাগরিক সেবার মান উন্নয়ন।”
সচিব বলেন, ২০০৯ সালে সরকার প্রথম আইসিটি নীতিমালা করার পর প্রায় ছয় বছর পেরিয়ে যাওয়ায় এর হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ প্রস্তাব নিয়ে আসে।
“আইসিটির মাধ্যমে আমারা উন্নয়ন লক্ষ্য অর্জন করতে চাই। আইসিটিকে কি অবয়বে ব্যবহার করব তার দিক-নির্দেশনা আছে এ নীতিমালায়।”
মোশাররাফ হোসাইনের ভাষায়, “এটি মূলত আইসিটি খাতের উন্নয়নের একটি রূপরেখা। নীতিমালা পরিবর্তনের সময় এটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং তা পরে ওয়েসসাইটে দেওয়া হবে।”
